প্রিন্ট এর তারিখঃ Nov 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম
চাঁদাবাজির মামলার তদন্তে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা-পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাস দুটি উদ্ধার করা হয়।
সদরঘাট থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চাঁদাবাজির অভিযোগে সদরঘাট থানায় দায়ের করা ১০ নভেম্বরের ৯ নম্বর মামলার আলামত হিসেবে ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪ ও ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩ নম্বরের দুটি এসি বাস উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪